জেলা প্রতিনিধি ,কক্সবাজার।
কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির (এএ) পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোরের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত কিশোরের নাম আব্দুল হাকিম (১৫)। সে উখিয়ার ১৯ নং রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় , আব্দুল হাকিম নাফ নদী থেকে মাছ ধরে তীরে ওঠার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, সীমান্ত এলাকায় আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন থেকে এই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে কিশোরের ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়।
বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে আহত কিশোরকে উদ্ধার করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।”
সীমান্তে মাইন বিস্ফোরণ এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তে একই ধরনের মাইন বিস্ফোরণে মোহাম্মদ শহীদুল ইসলাম (২৫) নামে ১৬ নম্বর ক্যাম্পের আরেক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায়। মাত্র চার দিনের ব্যবধানে একই এলাকায় দুটি পৃথক বিস্ফোরণের ঘটনায় সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাসকারী ও রোহিঙ্গাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
মন্তব্য করুন