জাহাঙ্গীর আলম,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা। রবিবার (০৫ এপ্রিল ২০২৬) দুপুর ২টায় জেলা পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এনামুল হক আরিফ এবং সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু তাহের। সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকরা অংশগ্রহণ করেন, যা একটি প্রাণবন্ত আলোচনা পরিণত হয়।
সাক্ষাৎকালে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ ও সমাজের দর্পণ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যদি দায়িত্বশীলতা ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করেন, তাহলে সমাজে ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। আমরা চাই সাংবাদিকরা নির্ভয়ে সত্য তুলে ধরুক। জেলা পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।”
সভাপতির বক্তব্যে এনামুল হক আরিফ বলেন, “বাংলাদেশ প্রেসক্লাব একটি সরকারি নিবন্ধিত সংগঠন। আমাদের সাংবাদিকরা সবসময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা গেলে সমাজ থেকে মাদক, চুরি ও ভূমিদস্যুতার মতো অপরাধ অনেকাংশে কমে আসবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক কাজী আরিফ, সদস্য আলমগীর, সদর উপজেলা সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি আমানত উল্লাহ খান ও রুমান খান, প্রচার সম্পাদক জুনায়েদ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান রহমান, বিজয়নগর উপজেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রানা, আখাউড়া উপজেলার সভাপতি হুমায়ুন কবির, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, সরাইল উপজেলার সভাপতি তানভীর আহমেদ, নবীনগর উপজেলার সভাপতি সাংবাদিক সুমনসহ বিভিন্ন উপজেলার সাংবাদিকবৃন্দ।
সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম জোরদার করা, জনসেবার মান উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ এবং গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জনগণের কল্যাণে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
শেষে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে উপস্থিত সাংবাদিকদের এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন