আল আমিন হাওলাদার নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনার কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র পিতা মরহুম মোস্তফা কামাল মনসুরের পঞ্চম মৃত্যুবার্ষিকী দোয়া ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় মরহুমের নিজ গ্রাম কলমাকান্দা সদর ইউনিয়নের চত্রংপুরে এ উপলক্ষে কবর জিয়ারত, স্মরণসভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দোয়া মাহফিল ও স্মরণসভায় উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি, ছোট ছেলে সারোয়ার কামাল, নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক অ্যাড. নুরুজ্জামান নুরু, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মিকাইল ইসলাম, ডেপুটি স্পিকারের ব্যক্তিগত সহকারী মো. সাইফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মরহুম মোস্তফা কামাল মনসুর ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও সংস্কৃতিমনা জনপ্রতিনিধি। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই ছিল তার জীবনের মূল লক্ষ্য। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করার অসাধারণ দক্ষতা ছিল তার। তার সততা, নীতি ও মানবিক মূল্যবোধ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
১৯৪৪ সালের ১৩ অক্টোবর কলমাকান্দার চত্রংপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা হাফিজ উদ্দিন ও মাতা আদর বানু। এক ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ব্যক্তিগত জীবনে তার সহধর্মিণী জুবাইদা কামাল ২০২২ সালে ইন্তেকাল করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুম মোস্তফা কামাল মনসুর ও তার সহধর্মিণীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন