নিজস্ব প্রতিনিধিঃ-জীবন দেওয়ান উজ্জ্বল,
সুনামগঞ্জ জেলার জামাল গঞ্জ জুনাল অফিসের আওতায়াধীন – ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে প্রায় ৩০ টি গ্রামের ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাতের কারণে বৈদ্যুতিক খুঁটি ভেংঙ্গে যাওয়া ও হেলে পড়ায় এবং ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ায় অন্তত ৩০টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গত শনিবার ভোর রাত থেকে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার গ্রাহক। গ্রামগুলো হলো ঝাড়ার কোনা,গোলক পুর,ইসলামপুর,বাবুপুর,নূরপুর,দিকজান,মিলনপুর,সুখদেবপুর,সুখাইড়,নয়াগাঁও, বাঘবাড়ি,কাজিরগাও,শরিয়তউল্লাহ হাটি,ভেড়িকান্দি,ফাজিলপুর,রহমতপুর,শ্রীমন্তপুড়,কৃষ্ণপুর,প্রতাপপুর,মুক্তারপুর,মামুদ নগর সহ বেশকয়েকটি গ্রাম।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতায়াধীন জামালগঞ্জ এরিয়া অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাত প্রায় পৌনে ৫টার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় একাধিক বিকট বজ্রপাতের ঘটনায় বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়। ভোর ৫টা থেকে পুরো ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, যা রোববার সন্ধ্যায় সাড়ে ১৯টা পর্যন্ত স্বাভাবিক হয়নি।
এ অবস্থায় বিদ্যুৎ না থাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানির পাম্প চালু না থাকায় দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। রান্না, খাওয়া, অজু-গোসলসহ নিত্যপ্রয়োজনীয় কাজে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রামবাসী।
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সোহেল মিয়া বলেন, “ঝড়-বৃষ্টির কারণে আমাদের ইউনিয়নের ৩০টি গ্রাম বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তেমন তৎপরতা দেখা যাচ্ছে না।”
এ বিষয়ে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জামালগঞ্জ উপআঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আজহারুল ইসলাম জানান, ঝড় ও বজ্রপাতের কারণে অন্তত পাঁচটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়েছে এবং তার বিচ্ছিন্ন হয়েছে। এছাড়া একটি ট্রান্সফরমারসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।তিনি আরও জানান, “সমস্যা সমাধানে কাজ চলছে। আশা করছি মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে।”
এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করে ভোগান্তি নিরসনের দাবি জানিয়েছেন তারা।
মন্তব্য করুন